ঢাকার পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নির্মম হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ।
শনিবার দুপুরে মাগুরা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য আতঙ্ক ও উদ্বেগের বিষয়। তারা বলেন, সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে শিশু ও নারীর ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক নিরাপত্তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি, সামাজিক অবক্ষয়, মাদক ও সহিংসতার বিস্তার এবং অপরাধীদের রাজনৈতিক ও সামাজিক প্রশ্রয় এ ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। তারা দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এসময় মাগুরায় শিশু আছিয়া হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, ওই ঘটনারও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার সম্পন্ন হয়নি। ফলে অপরাধীরা উৎসাহ পাচ্ছে এবং সমাজে ভয় ও অনিরাপত্তা বাড়ছে।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভাপতি প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠক আসানুর ইসলাম, সাবেক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সংগঠক ভবতোষ বিশ্বাস জয়, ঝলক দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: