মাগুরায় অনলাইন জুয়া কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ, ভিসা কার্ড ও পেনড্রাইভসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা’র দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মাগুরার অফিসার ইনচার্জ মুন্সী রাসেল হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ রিয়াজুল ইসলাম (২৮)। তিনি মাগুরা সদর উপজেলার চাপড়া মধ্যপাড়া এলাকার মোঃ আরোজ আলী বিশ্বাসের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে মাগুরা সদর থানার কুচিয়ামোড়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন জুয়া সাইটের সাব-এজেন্ট হিসেবে অবৈধ কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছেন।
অভিযানের সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ২টি ব্যাংকের ভিসা কার্ড, নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা এবং ১টি পেনড্রাইভ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
