যশোরের বাঘারপাড়ায় শুরু হয়েছে তিনদিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৬। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকদের উদ্বুদ্ধ করতে বুধবার সকাল ১১টায় বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আশেক হাসান। এসময় তিনি বলেন, কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকারের নানা উদ্যোগ চলমান রয়েছে। কৃষকদের নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করতেই এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা কৃষি অফিসার সাইয়েদা নাসরিন জাহান। তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দিতে এবং কৃষকদের সচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়েছে।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
মেলায় স্থানীয় কৃষক, বিভিন্ন কৃষি প্রতিষ্ঠান ও প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন স্টলে আধুনিক কৃষিযন্ত্র, উন্নত বীজ, জৈব সার, সেচ প্রযুক্তি এবং স্মার্ট কৃষি ব্যবস্থাপনা তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষির উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
তিনদিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শহিদুল ইসলাম
বাঘারপাড়া,যশোর প্রতিনিধি
