মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস বিভাগের আয়োজনে রাজধানীর কাকরাইলে অবস্থিত বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতরে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬”। দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কাউট অঞ্চল থেকে প্রায় ২৫০ জন কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার ঝলক প্রদর্শন করেন।
প্রতিযোগিতায় গান, নৃত্য, মূকাভিনয়, আবৃত্তি, কেরাত, আজান, বাংলা উপস্থাপনা ও চিত্রাঙ্কনসহ মোট ৮টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় মাগুরার জন্য গৌরব বয়ে এনেছেন অর্পিতা দে। তিনি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরা রোভার ইউনিট থেকে অংশগ্রহণ করে সংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। তার এই অসাধারণ সাফল্যে কলেজ পরিবার, স্কাউট সদস্য ও মাগুরাবাসীর মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
অর্পিতা দে’র এ অর্জনে শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জন করে মাগুরার সুনাম বয়ে আনবেন।