হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের অভিযানে ৬টি ভারতীয় গরু আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর (করইঠিলা) এলাকায় আমুরোড বাজারগামী পথে গরুগুলো বহনের সময় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।
চুনারুঘাট থানার এসআই মৃদুল হাসান তরফদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কথিত গরু চোরাকারবারি পাসপোর্ট জামাল, চটপটি সিরাজ, রসুন রহিম ও আবুল খায়ের ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
পরে জব্দ করা গরুগুলো থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “গরুগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক চোরাকারবারিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান , সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নোমান মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
