মাগুরার শালিখা উপজেলা এক মহিলা এনজিও কর্মীর টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আর্স বাংলাদেশ আড়পাড়া শাখার এক মাঠকর্মী বিভিন্ন এলাকা থেকে কিস্তির টাকা সংগ্রহ শেষে অফিসে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তার কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী এনজিও কর্মী রুপালী খাতুন জানান, উপজেলার কয়েকটি সমিতি থেকে কিস্তির ৫২ হাজার ৫০০ টাকা আদায় করে স্কুটিতে করে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে অফিসে ফিরছিলেন। রামকান্তপুর গ্রাম পার হওয়ার পর মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার ঘাড়ে ঝোলানো টাকার ব্যাগ টেনে নেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। পরে ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, তার চিৎকার শুনে মাঠে কাজ করা লোকজন এগিয়ে এলেও ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে বিষয়টি শাখা ব্যবস্থাপককে জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে তাকে সঙ্গে নিয়ে শালিখা থানা পুলিশকে অবহিত করেন।
ঘটনার পর স্থানীয় লোকজন ভুক্তভোগীকে সহায়তা করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে শালিখা থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জসীম উদ্দীনঃ শালিখা প্রতিনিধিঃ
