ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মাগুরায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক রবিবার (১৪ জুন ২০২৬) সদর উপজেলার ইছাখাদা ছোটব্রীজ ও বাটিকাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। বেলা ১২টা ৪০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বেকারি প্রতিষ্ঠান, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে ইছাখাদা ছোটব্রীজ এলাকায় অবস্থিত মেসার্স ঢাকা মহানগর বেকারি-কে পূর্বে সতর্ক করা সত্ত্বেও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন এবং পণ্যের মোড়কে ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করে বিক্রয়ের দায়ে অভিযুক্ত করা হয়।
এছাড়া উৎপাদিত খাদ্যপণ্যে দুধ ও বাটার ব্যবহার না করেও উপাদান হিসেবে সেগুলোর নাম উল্লেখ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, টয়লেটে হ্যান্ডওয়াশের ব্যবস্থা না থাকা এবং খাবারে অননুমোদিত ফ্লেভার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে পুনরায় সতর্ক করা হয়।
অভিযানে মোট একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের অযৌক্তিকভাবে পণ্যের মূল্য বৃদ্ধি না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অতিরিক্ত মুনাফা না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মোঃ সাজ্জাদ হোসেন
মাগুরা জেলা প্রতিনিধি
