নিউজ ডেস্ক:
অসুস্থ হয়ে গৃহবন্দী জীবন কাটাচ্ছেন অভিনেতা কাজী উজ্জ্বল। দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তিও হয়েছেন কয়েক দফা। সর্বশেষ বছর খানেক ধরে তার শারীরিক অবস্থা খুব খারাপ। কথা বলতে গেলেও দম রাখতে পারেন না।
এই অভিনেতা অসুস্থ অবস্থায় আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়ে। তিনি সেখানে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সঙ্গে ঐতিহাসিক খাল কাটা কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে দাবি করেন। এরপর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১০০টি গাছ উপহার চান। ভিডিওতে কথা বলতে গিয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন তিনি।
কাজী উজ্জ্বল ভিডিওতে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি কোনো শিল্পী হিসেবে আপনাকে কিছু বলছি না। এটা আমার দাবি। আপনার বাবার সঙ্গে ‘৭৯-তে আমি খাল কেটেছি। তখন আমি স্কুলের ছাত্র। সেই দাবি নিয়ে বলছি। আমি বাংলাদেশে প্রায় সব নায়কের বাবার চরিত্রে অভিনয় করেছি। আমি আজ এক বছর ধরে অসুস্থ।মৃত্যুর পূর্বে আমি কোনো সাহায্য চাই না। আমার মনে একটাই আশা, আমাকে ১০০টি হাইব্রিড জাতের নারিকেল গাছের ব্যবস্থা করে দেবেন। জনগণের জন্য। মরার আগে আমি ১০০টি গাছ লাগাতে চাই। পৃথিবীর কাছে ঋণ শোধ করবো।’
কাজী উজ্জ্বলের এই ভিডিও বার্তা বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার প্রশংসা করছেন প্রধানমন্ত্রীর কাছে টাকা চেয়ে হাত না পেতে জনগণের কল্যাণে, পৃথিবীর কল্যাণে গাছ চেয়েছেন তিনি।
কাজী উজ্জ্বল ছিলেন শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা। আশির দশকে চাকরি ছেড়ে অভিনয় শুরু করেন। ১৯৮৫ সালে মামুনুর রশীদের হাত ধরে মঞ্চ নাটকের মাধ্যমে তার পথচলা শুরু হয়। নব্বইয়ের দশকের শুরুতে মামুনর রশীদের সঙ্গেই প্রোডাকশনে কাজ শুরু করেন। সে সময় বিটিভির জন্যে ‘সুপ্রভাত ঢাকা’ শিরোনামে একটি নাটক নির্মাণ করা হয়। এতে অভিনয়ের মাধ্যমে প্রথম সবার নজরে আসেন কাজী।
অভিনয় ক্যারিয়ারে পাঁচ-ছয়শ নাটকে কাজ করেছেন তিনি। আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দরিয়া পাড়ের দৌলতী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। তিনি সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় ১৫টি সিনেমায় অভিনয় করেছেন