দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুর বিমানবন্দরে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যায় নবদম্পতিকে। এ সময় তারা হাত নেড়ে ও হাত জোড় করে ভক্ত ও সংবাদকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
বৃহস্পতিবার উদয়পুরের আইটিসি মেমেন্টোস হোটেলে পারিবারিক আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ে। সকালে বিজয়ের পারিবারিক ঐতিহ্য অনুসারে তেলুগু রীতিতে এবং সন্ধ্যায় রাশমিকার কোডভা সংস্কৃতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রাক্-বিবাহ অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন এই তারকা জুটি।
ভারতীয় গণমাধ্যম জানায়, আয়োজন ছিল বৈচিত্র্যময়। অতিথিদের জন্য জাপানি খাবারের বিশেষ ব্যবস্থা, পুল ভলিবল এবং ‘ভিরোশ প্রিমিয়ার লিগ’ নামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচও রাখা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় জমকালো সংগীত অনুষ্ঠান এবং বুধবার গায়ে হলুদ ও মেহেদি সম্পন্ন হয়। বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ‘অর্জুন রেড্ডি’ ও ‘অ্যানিম্যাল’খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, পরিচালক তরুণ ভাস্কর, রাহুল রবীন্দ্রন এবং অভিনেত্রী ইশা রেব্বাসহ অনেকে।
২০১৮ সালে গীতা গোবিন্দম সিনেমার সেটে প্রথম পরিচয় হয় বিজয় ও রাশমিকার। পরে ২০১৯ সালে ডিয়ার কমরেড-এ আবারও জুটি বাঁধেন তারা। ‘গীতা গোবিন্দম’ বক্স অফিসে ১৩২ কোটি রুপির বেশি আয় করে ব্যাপক সাড়া ফেলে। পর্দার সেই রসায়ন এবার বাস্তব জীবনেও পূর্ণতা পেল।
