বাংলা চলচ্চিত্রের এক শক্তিমান, প্রভাবশালী ও স্মরণীয় অভিনেতা ওয়াসীমুল বারী রাজীব, যিনি দর্শকমহলে পরিচিত ছিলেন শুধু “রাজীব” নামে—আজ তাঁর প্রয়াণ দিবস।
বাংলাদেশি চলচ্চিত্র জগতে খলনায়ক হিসেবে যেমন তিনি এক অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন, তেমনি চরিত্রাভিনেতা হিসেবেও তাঁর গভীর অভিনয় দর্শক হৃদয়ে অমলিন হয়ে আছে।
তিনি প্রায় চার শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে তিনি দাঙ্গা (১৯৯২), হাঙর নদী গ্রেনেড (১৯৯৭), ভাত দে (১৯৮৪) প্রভৃতি। ১৯৮২ সালে কাজী হায়াৎ-এর ‘খোকন সোনা’ নামের একটি সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রাজীবের।
রাজীব ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় দূমকি উপজেলায় জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রে আসার আগে চাকরি করতেন তিতাস গ্যাস কোম্পানিতে।
এরপর ১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক তার। এরপরের বছর কাজী হায়াৎ পরিচালিত ‘খোকনসোনা’ সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করে তারকাখ্যাতি পান তিনি।
খলনায়ক হিসেবে সফল হলেও ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন রাজীব। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘লুটতরাজ’, ‘প্রেম পিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘আজকের সন্ত্রাসী’, ‘সাহসী মানুষ চাই’, ‘বিদ্রোহ চারিদিকে’, দাঙ্গা প্রভৃতি।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রাজীব। ছবিগুলো হলো- হীরামতি (১৯৮৮), দাঙ্গা (১৯৯১), বিদ্রোহ চারিদিকে (২০০০) ও সাহসী মানুষ চাই (২০০৩)।
ওয়াসীমুল বারী রাজীব ছিলেন একাধারে অভিনেতা, সাংগঠনিক ব্যক্তিত্ব ও প্রশাসক।
তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংসদ (জাসাস)-এর প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক।
পরে তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন, মৃত্যুর আগ পর্যন্ত।
তাঁর স্ত্রীর নাম ইসমত আরা।
এই দম্পতির পাঁচ সন্তান—
তিন ছেলে ও দুই মেয়ে।
প্রথম দুই ছেলে ছিলেন জমজ, যারা দুর্ভাগ্যজনকভাবে ১৯৯৬ সালে নৌকা দুর্ঘটনায় প্রাণ হারান।
তৃতীয় ছেলে সায়নুল বারী দ্বীপ চলচ্চিত্রে কাজ করেছেন।
দুই কন্যা রানিসা রাজীব ও রাইসা রাজীবও তাঁদের বাবার স্মৃতি বুকে নিয়ে এগিয়ে চলেছেন।
২০০৪ সালের ১৪ নভেম্বর, দীর্ঘদিন ক্যান্সারে ভুগে মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তি অভিনেতা। তাঁকে সমাহিত করা হয় ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরের সিটি করপোরেশন কবরস্থানে।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ওয়াসীমুল বারী রাজীব এক শক্তিমান অভিনেতার প্রতীক, যিনি পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতেন অকৃত্রিম দক্ষতায়।
তাঁর সংলাপ, উপস্থিতি ও গভীর অভিনয়শৈলী আজও দর্শকের মনে অম্লান।
তাঁর প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
