নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর ) ভোর ৫:৩০ মিনিটে সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়াচর এলাকার বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনের পাকা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন,কক্সবাজার জেলার চকরিয়া থানার ফাতেমা (৪৫) এবং একই এলাকার মোসা: খালেদা আক্তার।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর মোহাম্মদ সফি উদ্দিনের নেতৃত্বে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। তল্লাশিকালে আসামিদের কাছ থেকে যথাক্রমে ২,০০০ ও ১,৫০০ পিসসহ মোট ৩,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মোশারফ হোসেন খসরু
সোনারগাঁও প্রতিনিধি
নারায়ণগঞ্জ
