মাগুরার শ্রীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে উপজেলার ঘাসিয়াড়া গ্রামের বেলতলা মোড়ে এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ঘাসিয়াড়া মধ্যপাড়া গ্রামের মোঃ আজাদুল ইসলাম আজাদ (৫৬) ও মোঃ রনি শেখ (৩০)। মাগুরা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, তাঁদের হেফাজতে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগ থেকে সাদা কসটেপে মোড়ানো চারটি বান্ডেলে মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানের তত্ত্বাবধানে শ্রীপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের অবৈধ বিস্তার রোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা
