সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঞ্জে দুই মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি, পিরোজপুর থেকে গ্রেপ্তার ট্রাকচালক

পিরোজপুর থেকে গ্রেপ্তার, তদন্তে নতুন অগ্রগতি


কালীগঞ্জে দুই মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি, পিরোজপুর থেকে গ্রেপ্তার ট্রাকচালক

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও বিএনপির এক নেতার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মো. মাজহারুল ইসলাম (২৫) নামের ওই চালককে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত দেড়টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী থানার চারখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কালীগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই রাতে কালীগঞ্জ থানা-পুলিশের সদস্যরা টহল শেষে তিন সন্দেহভাজনকে নিয়ে থানায় ফিরছিলেন। এ সময় পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে সদস্যদের সঙ্গে কথা বলছিলেন স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।

এমন সময় টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের ও বিএনপি নেতাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশের উপপরিদর্শক মো. মিজানুর রহমান ও রফিকুল ইসলাম মোল্লার মৃত্যু হয়। ট্রাকটি থামানোর চেষ্টা করতে গিয়ে অন্য পুলিশ সদস্যরাও গুরুতর আহত হন।

দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটি উদ্ধারে এরই মধ্যে অভিযান চালিয়েছে কালীগঞ্জ থানা-পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) ইন্সপেক্টর (অপারেশনস) ইকবাল হোসেনের নেতৃত্বে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকার কনফিডেন্স সিমেন্ট কারখানা থেকে ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়। ওই সময় ট্রাকের হেলপার রাজু শেখকে (২০) গ্রেপ্তার করা হয়।

চালক মাজহারুল ইসলাম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের মো. সৈয়দ গাজীর ছেলে। অন্যদিকে হেলপার রাজু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মো. লুৎফুরর শেখের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ট্রাক জব্দ ও হেলপার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চালককে পিরোজপুর থেকে কালীগঞ্জ থানায় নিয়ে আসতে পুলিশের উপপরিদর্শক ইব্রাহিম শেখ ও রিয়াদুল ইসলাম সেখানে গেছেন।

এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। চালক গ্রেপ্তারের মধ্য দিয়ে দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকের চালক ও হেলপারকে আইনের আওতায় আনার কার্যক্রমে অগ্রগতি হয়েছে।

কালীগঞ্জ (গাজীপুর)