শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার এবং গাজীপুরের শ্রীপুরে দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর থানা রোডে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা পৌরসভার বিভিন্ন সড়কে মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হত্যা ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। তাঁরা লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার, জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা না পাওয়া গেলে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।
নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এস এম জহিরুল ইসলাম শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি। তাঁর অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধে হস্তক্ষেপ করার জেরে প্রতিপক্ষের এক নারী তাঁকে প্রধান আসামি করে মামলা করেছেন। মামলায় উল্লেখ করা ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে তিনি দাবি করেন, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।
দৈনিক আমাদের সময়-এর শ্রীপুর প্রতিনিধি ও শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল।
এ সময় বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের শ্রীপুর প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মোহাম্মদ মোজাহিদ, আশরাফুল ইসলাম সরকার, মুনসুরুল ইসলাম ও হাসান হাবিবসহ অন্যরা।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তাঁরা।
মানববন্ধন শেষে সাংবাদিকদের একটি মিছিল শ্রীপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা রোডে এসে শেষ হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আরফান আলী বলেন, জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতে দায়ের করা মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সাংবাদিক হত্যা ও মামলার তদন্তের দাবিতে শ্রীপুরে মানববন্ধন
আলিফ ফকির হত্যার বিচার ও সাংবাদিক জহিরুলের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের দাবি বক্তাদের।
