বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল থেকেই শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি মাঝিড়া বন্দরসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান, ব্যানার ও ফেস্টুনে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পরে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু শাহিন সানি, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আলী হায়দার তোতা, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদুল ইসলাম আজাদ, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি ও সাধারণ সম্পাদক আবু বাসারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজা, চোপিনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি, মাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিম জায়দার, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আয়ুব আলী, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কৃষক দলের সভাপতি রেজা তালুকদার, সাধারণ সম্পাদক আজিজুল হক, তাঁতী দলের সভাপতি লিটন আহম্মেদ, মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউথ, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, জাসাসের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বিপুল রানা, ওলামা দলের সভাপতি জাহিদুর রহমান আল জাহিদ, সাধারণ সম্পাদক ক্বারী মাহফুজ, মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক ফেরদৌস হক সুমি ও সাংগঠনিক সম্পাদক জোসনা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার প্রেক্ষাপট, দলের রাজনৈতিক আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন তারা।
বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও রাজনৈতিক দর্শন স্মরণ করার দিন। তাঁর আদর্শকে সামনে রেখে জনগণের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রের চেতনা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখতে হবে। দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
আগামী দিনের দলীয় ও রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ব্যক্তিগত মতপার্থক্য ও বিভেদ ভুলে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শাজাহানপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উৎসবমুখর পরিবেশে শেষ হয়। এ আয়োজনের মধ্য দিয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাংগঠনিক ঐক্য ও পারস্পরিক সংহতির চিত্র ফুটে ওঠে।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি।