ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর শেরপুরের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও কড়া নজরদারি চালানো হচ্ছে।
বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তবর্তী ধোবাউড়া, হালুয়াঘাট, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার প্রায় ৭৬ কিলোমিটার সীমান্তে বিজিবির কঠোর তল্লাশি ও টহল কার্যক্রম চলছে। কেউ যেন সীমান্ত অতিক্রম করতে না পারে, সে লক্ষ্যে এই ব্যাপক নজরদারি চালানো হচ্ছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রতিদিনের নির্ধারিত টহলের পাশাপাশি সীমান্তে বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে। এছাড়া বিশেষ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান চালাচ্ছে বিজিবি।
