আজকে ৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার): জয়পুরহাট জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পরিচালিত অভিযানে সংগীয় অফিসার ও ফোর্সসহ ক্ষেতলাল উপজেলার চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে রায়হানুল ইসলাম ওরফে শাহজাহান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ক্ষেতলাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
জয়পুরহাট প্রতিনিধি
