জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ধীরে ধীরে সারাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সংঘর্ষ, প্রাণহানি ও দমন-পীড়নের ঘটনা দেশজুড়ে গভীর আলোড়ন সৃষ্টি করে। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় ৩৬ জুলাই (৫ আগস্ট) ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তনের সূচনা ঘটে। বক্তারা বলেন, জুলাইয়ের সেই দিনগুলোতে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলনের নাম নয়; এটি ন্যায়বিচার, গণতন্ত্র, জবাবদিহি এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষার প্রতীক। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের শিক্ষা তুলে ধরতে হবে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশ মানবিক, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে আরও এগিয়ে যেতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, কালাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির তাইফুল ইসলাম ফিতা, জুলাই যোদ্ধা তামিম সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভার শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মো:সুমন মন্ডল,জয়পুরহাট(কালাই)প্রতিনিধি:
