নিউজ ডেস্ক:
কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজ পর্যটক আবিরের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সমিতিপাড়ার নাজিরার টেক পয়েন্টের বালিয়াড়িতে মরদেহটি ভেসে আসে।স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানান। পরে সি-সেইফ লাইফগার্ড কর্মী ও পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি-সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মো. ওসমান জানান, গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে আবিরসহ নয় বন্ধু টিউব নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে তাদের মধ্যে দুজন টিউব থেকে ছিটকে পড়েন।একজনকে উদ্ধার করা গেলেও আবির স্রোতের টানে হারিয়ে যান। পরে লাইফগার্ড কর্মীরা উদ্ধার তৎপরতা চালালেও আবিরকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার সাড়ে ভোর ৫টার দিকে সমিতিপাড়ার নাজিরার টেক পয়েন্টের বালিয়াড়িতে তার মরদেহ ভেসে আসে।
নিহত আবির পুরান ঢাকার লালবাগের শহীদ নগর এলাকার ইলিয়াস মুন্সির ছেলে বলে জানা গেছে।
