ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও আসামসহ বিভিন্ন রাজ্যে মুসলিম সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতন, মসজিদ-মাদ্রাসায় হামলা, ধর্মীয় স্বাধীনতায় বাধা এবং উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ধারাবাহিক উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শহরের জিআরপি চত্বরে “সৈয়দপুরের সর্বস্তরের মুসলিম ও সুন্নী জনতা” ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ইয়ুথ ফাউন্ডেশন সৈয়দপুর। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ধর্মপ্রাণ সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
স্লোগানে উত্তাল রাজপথ সরেজমিনে দেখা যায়, জুমার নামাজ শেষে শহরের বিভিন্ন এলাকার মসজিদ থেকে মুসল্লিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিআরপি চত্বরের সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন দাবিসম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। সমাবেশ থেকে ‘মুসলিম নির্যাতন বন্ধ কর’, ‘মসজিদ-মাদ্রাসায় হামলার বিচার চাই’, ‘ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র রুখে দাও’ এবং ‘মোদি-শুভেন্দু হুশিয়ার’ ইত্যাদি স্লোগানে চারপাশ মুখরিত হয়ে ওঠে।
নেতৃবৃন্দের বক্তব্য ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী জিলানীর সভাপতিত্বে এবং ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মো. শাহরিয়ার-এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি হামিদ জামাল আশরাফী, মুফতি শাহজাদা আশরাফী, মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মুফতি আবুল কালাম আজাদ এবং হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন।
কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, এবং যুবদলের আহ্বায়ক তারিক আজিজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, "ভারতে মুসলমানদের ধর্মীয় অধিকার ক্রমাগতভাবে খর্ব করা হচ্ছে। বিভিন্ন অজুহাতে মসজিদ-মাদ্রাসায় হামলা, মুসলিম ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, হিজাব ও আজানের মতো ধর্মীয় অনুশীলনে বাধা এবং মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য এখন দেশটিতে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এই দমন-পীড়ন স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।"
আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান বাংলাদেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, "এদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে মুসলমানরা সবসময় আন্তরিক ভূমিকা পালন করেছে। অথচ পার্শ্ববর্তী দেশে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে।" ভারতে মুসলিম নির্যাতন বন্ধে এবং সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। একই সাথে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করা হয়।
বিক্ষোভ মিছিল ও মোনাজাত সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, নির্যাতিত মানুষের মুক্তি এবং বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি,
