নরসিংদীতে ভূমিকম্পের পর দেয়াল ধসে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ওমর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বেলা পৌনে ১১টায় আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ওমর পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের দেলোয়ার হোসেন উজ্জ্বলের ছেলে। একই ঘটনায় দেলোয়ার ও তার দুই কন্যা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন নরসিংদীর এনডিসির তথ্য উদ্ধৃত করে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চাকরির কারণে দেলোয়ার পরিবারকে নিয়ে নরসিংদী শহরের গাবলতি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ভূমিকম্পের সময় পাশের বাসার দেয়াল ধসে তারা চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে পাঠায়। সেখানে চিকিৎসকরা ওমরকে আর বাঁচাতে পারেননি।
ওমরের মৃত্যুতে পাকুন্দিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আশরাফুল ইসলাম রাজন
কিশোরগঞ্জ।
