রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকায় সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত।
মঙ্গলবার (৯ জুন) বিকালে সংগঠনটির বাঘাইছড়ি পৌরসভার ১ নং, ২ নং, ৩ নং ও ৫ নং ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাঘাইছড়ি শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক আহামদ উল্লাহ আব্বাস, ২ ও ৩ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল সালাম, উপদেষ্টা শাহ জালাল এবং ৫ নং ওয়ার্ড শাখার প্রতিনিধি জেবল হোসেন, ক্বিরাতুল কোরআন মডেল একাডেমীর প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ হোসাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা প্রদানকালে গাউছিয়া কমিটি বাঘাইছড়ি শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন,“দুর্যোগ ও বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা এবং ঈমানি দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ও সংগঠনগুলোর উচিত অসহায় মানুষের কষ্ট ভাগ করে নেওয়া। একটি অগ্নিকাণ্ডে একটি পরিবার মুহূর্তেই সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়—তখন তাদের পাশে দাঁড়ানো শুধু সহানুভূতি নয়, বরং নৈতিক ও সামাজিক দায়িত্বও বটে। আমরা সবসময় চেষ্টা করি যাতে বিপদগ্রস্ত মানুষের পাশে থাকতে পারি এবং ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে অব্যাহত থাকবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যদি একে অপরের পাশে দাঁড়ায়, তাহলে যে কোনো দুর্যোগ মোকাবিলা করা সহজ হয় এবং একটি মানবিক সমাজ গড়ে ওঠে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত মোঃ শাহ জাহান আবেগাপ্লুত কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে তাঁর বসতঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় তিনি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বাঘাইছড়ি প্রতিনিধি
