নওগাঁর পোরশায় পুলিশের এক বিশেষ অভিযানে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) ও ১০ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় পোরশা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একদল পুলিশ তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী সনতেশ রায় (৩৫) ও নিতাই হরিজন (৩৫)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ছোট-বড় ৪টি প্লাস্টিকের জারকিনে সংরক্ষিত ৫০০ লিটার মদ তৈরির উপকরণ এবং ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে এসব আলামত আইনানুগভাবে ধ্বংস করা হয়।
ঘটনাস্থল থেকে আসামি সনতেশ রায় (৩৫)-কে গ্রেপ্তার করা হলেও তার সহযোগী নিতাই হরিজন (৩৫) কৌশলে পালিয়ে যায়। আটক ও পলাতক উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পোরশা থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয়দের সহযোগিতায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
