মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের টেঙাখালি ব্রিজ সংলগ্ন কুমোর নদীতে অবৈধ জাল উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে পরিচালিত এ অভিযানে আনুমানিক ৩ হাজার মিটারের বেশি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা আইনানুগভাবে বিনষ্ট করা হয়।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার।
অভিযান চলাকালে কুমোর নদীতে মাছ শিকারে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ, অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে জেলেদের আইন মেনে মাছ আহরণের আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের এ অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের উৎপাদন রক্ষায় এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
