মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী (এক্সেন) মো. আব্দুল আজিজ খানকে পার্বত্য এলাকা খাগড়াছড়ি পৌরসভায় বদলি করেছে স্থানীয় সরকার বিভাগ।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতার অসন্তোষ প্রকাশের কয়েক দিনের মধ্যেই এ বদলির আদেশ জারি হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় মহলে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-৩ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বদলির আদেশ অনুযায়ী, বর্তমানে মানিকগঞ্জ পৌরসভায় কর্মরত নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ খানকে খাগড়াছড়ি পৌরসভায় এবং খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামকে মানিকগঞ্জ পৌরসভায় পদায়ন করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বদলিকৃত কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। আগামী ২৮ জুনের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৯ জুন থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
এর আগে গত রোববার (১৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ খানের কর্মদক্ষতা ও মনোভাব নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা।
সভায় মন্ত্রী বলেন, “আপনাকে নিয়ে আগাতে পারবো না। আপনার যে কথাবার্তা, আপনার যে মেন্টালিটি, আপনি এই মানিকগঞ্জের জন্য কিছুই করতে পারবেন না। আপনি যে নেগেটিভ মাইন্ডে শুরু করেছেন; এই নেগেটিভ মাইন্ডের লোকদের কখনও পজিটিভ করা যায় না। সুতরাং এই বিষয়ে আমার অ্যাকশন নিতে হবে।”
মন্ত্রী আরও বলেন, বর্তমান মানসিকতা নিয়ে ওই কর্মকর্তাকে সঙ্গে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব নয়।
তবে স্থানীয় সরকার বিভাগের জারি করা বদলির আদেশে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি। মন্ত্রীর ওই বক্তব্যের তিন দিনের মাথায় বদলির আদেশ জারি হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা আলোচনা চলছে।
মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ প্রতিনিধি ।
