মালয়েশিয়ার বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটক বাংলাদেশি নাগরিকদের দ্রুত দেশে ফেরত পাঠানো ও তাদের মানবিক সুরক্ষা নিশ্চিত করতে সক্রিয় হয়েছে বাংলাদেশ হাইকমিশন। এ লক্ষ্যে কুয়ালালামপুরে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিনিস্টার ও ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। মালয়েশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ডিটেনশন অ্যান্ড ডিপো ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক রোসমালিজা বিনতি মোহাম্মদ রশিদ।
বৈঠকে ডিটেনশন সেন্টারে থাকা বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি, স্বাস্থ্য, নিরাপত্তা ও আইনি জটিলতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বাংলাদেশ হাইকমিশন আটক প্রবাসীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বল্প সময়ে দেশে ফেরানোর দাবি জানায়।
এ সময় হাইকমিশনের পক্ষ থেকে ডিটেনশন ক্যাম্পগুলোর সঙ্গে নিয়মিত তথ্য বিনিময় ও সমন্বয় বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, আটক বাংলাদেশিদের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা দিতে তারা সর্বাত্মক সহযোগিতা করবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কাউন্সেলর (রাজনৈতিক) ও হেড অব চ্যান্সারি প্রণব কুমার ভট্টাচার্য, মিনিস্টার (শ্রম) মো. সিদ্দিকুর রহমান, কাউন্সেলর (কনস্যুলার) মো. ফিরোজ রাব্বানী এবং কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় অভিবাসনবিষয়ক কঠোর নজরদারির প্রেক্ষাপটে এই বৈঠক দুই দেশের মধ্যে কূটনৈতিক সমন্বয় ও প্রবাসী সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমডি রফিকুল
মালেশিয়া
