মেধা-বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) ও সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতায় কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোছাঃ মারিয়া খাতুন, ১০ম শ্রেণীর শিক্ষার্থী, আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসা। পবিত্র গীতা থেকে পাঠ করেন স্বপ্নীল পাল, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শামীম আহমেদ খান। স্বাগত বক্তব্যও তিনি প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হারুন অর রশিদ।
উপস্থাপনায় ছিলেন কুষ্টিয়া জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ রেজাউল করিম।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন মোঃ ফাহিম আহম্মেদ বাঁধন (৯ম শ্রেণী, দিনমনি মাধ্যমিক বিদ্যালয়), খান আব্দুল মিম (১০ম শ্রেণী, এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজ) এবং সামিয়া তাহসিন প্রথা (১০ম শ্রেণী, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মারুফ হাসান, সহকারী শিক্ষক, কুষ্টিয়া জিলা স্কুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দৈনিক প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহেদী হাসান । তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প ও স্টার্টআপ প্রদর্শনী পরিদর্শন শেষে বিচারকমণ্ডলী প্রকল্পসমূহ মূল্যায়ন করেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রূপালী খাতুন এবং উপজেলা আইসিটি কর্মকর্তা শাহিনা আক্তার।
প্রতিযোগিতায় কুষ্টিয়া জিলা স্কুল প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করে হরিনারায়ণপুর বালিয়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তৃতীয় স্থান অর্জন করে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি মোঃ হারুন অর রশিদ তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাই আগামী বাংলাদেশের অগ্রযাত্রার প্রধান শক্তি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ মীর রকিবুল ইসলাম
