লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের হল রোড এলাকার নদীর পাড়ে কথা কাটাকাটির জেরে সাগর (৩২) নামে এক টাইলস মিস্ত্রিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত মো. নুরুল আমীন (৪৫)কে আটক করে। আটকের সময় তার কাছ থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত সাগর চাঁদপুর সদর উপজেলার কেতুয়া এলাকার জুলফু হাজীর ছেলে। বর্তমানে তিনি রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিসি রোড এলাকার হালিমা মাদ্রাসার ২ নম্বর গেট সংলগ্ন মরিয়মের বাসায় ভাড়া থেকে টাইলস মিস্ত্রির কাজ করতেন।
অভিযুক্ত নুরুল আমীন রায়পুর উপজেলার দেনায়েতপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইমাম উদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) হল রোড এলাকার নদীর পাড়ে সাগরের সঙ্গে নুরুল আমীনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল আমীন ধারালো ছুরি দিয়ে সাগরের পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত সাগরকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
মাহবুব হোসেন রনি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
