নিউজ ডেস্ক :
এখন বাজারে পাকা আমের ভিড়। হিমসাগর, ল্যাংড়া, ফজলি থেকে শুরু করে বিভিন্ন জাতের আমে চারপাশে মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। অনেকেই আম কেনার পর সরাসরি ফ্রিজে রেখে দেন, কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি একটি বড় ভুল, কারণ এতে আমের আসল স্বাদ ও পুষ্টিগুণ ক্ষতিগ্রস্ত হয়।বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা বা আধাপাকা আম কখনোই ফ্রিজে রাখা উচিত নয়। কম তাপমাত্রায় আমের স্বাভাবিক পাকার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, ফলে এর মিষ্টতা ও সুগন্ধ কমে যায়।
সঠিকভাবে আম সংরক্ষণের জন্য কিছু নিয়ম অনুসরণ করা জরুরি। বাজার থেকে একেবারে বেশি পাকা আম না কিনে হালকা শক্ত বা সদ্য পাকা আম বেছে নেওয়াই ভালো। বেশি পাকা আম হলে তা দ্রুত খেয়ে ফেলা উচিত।আম সংরক্ষণের জন্য ঘরের স্বাভাবিক তাপমাত্রায় কাগজে মুড়িয়ে রাখা একটি ভালো পদ্ধতি। এতে আম থেকে নির্গত গ্যাস ধীরে ধীরে পাকার প্রক্রিয়াকে সহায়তা করে। এছাড়া আম এমন জায়গায় রাখা উচিত যেখানে সরাসরি রোদ পড়ে না এবং বাতাস চলাচল থাকে।
তবে আম পুরোপুরি পেকে গেলে তবেই ফ্রিজে রাখা যেতে পারে। তখন বুঝতে হবে আম হালকা নরম হয়েছে এবং বোঁটার কাছ থেকে মিষ্টি গন্ধ বের হচ্ছে। এই অবস্থায় ফ্রিজে রাখলে আম কিছুদিন ভালো থাকে এবং স্বাদও তুলনামূলকভাবে অক্ষুণ্ণ থাকে।
