ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ইসরাইলের নিপীড়ন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত বছর অধিকৃত পশ্চিম তীরসহ বিভিন্ন জায়গা থেকে আট নারীসহ ৪২ সাংবাদিককে আটক করেছে ইসরাইল।
প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেটের (পিজেএস) বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পিজেএস জানায়, তথ্য-প্রমাণ অনুসারে, ২০২৫ সালে ৪২ ফিলিস্তিনি সাংবাদিককে আটক করেছে ইসরাইল। এদের মধ্যে নারী-পুরুষ উভয়ই রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীর, জেরুজালেমসহ বিভিন্ন স্থানে বাড়িতে অভিযান চালিয়ে অথবা সংবাদ সংগ্রহের সময় তাদের আটক করা হয়।
পিজেএস জানায়, ২০২৩ ও ২০২৪ সালের তুলনায় সাংবাদিকদের আটকের সংখ্যা কমেছে। তবে দখলদারেরা প্রভাবশালী সাংবাদিকদের বারবার আটক করছে, অভিযোগ বা বিচার ছাড়াই দীর্ঘদিন আটক করে রাখছে এবং তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে।
পিজেএস আরও জানিয়েছে, তারা এমন ঘটনা নথিভুক্ত করেছে, যেখানে সাংবাদিকদের সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের ওপর আক্রমণের ঘটনা নিয়ে খবর সংগ্রহ করার সময় আটক করা হয়েছিল। প্রকৃত ঘটনা ও সত্য প্রচারে বাধা দিতেই ইসরাইল সাংবাদিকদের আটক করছে বলে অভিযোগ রয়েছে।
