শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও দেশপ্রেমিক ছাত্র জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার পর শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে পল্লী বিদ্যুৎ মোড়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী, ছাত্র-জনতা ও সর্বস্তরের সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় “তুমি কে আমি কে—হাদি হাদি”, “আপোষ না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম”সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আবু রায়হান মিসবাহসহ বিপুল সংখ্যক ছাত্র-জনতা।
এ সময় আবু রায়হান মিসবাহ বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
