মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। উপজেলা প্রশাসন, কালাই, জয়পুরহাটের আয়োজনে ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত এ আয়োজন চলবে।
কালাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন কালাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শামীম আরা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, বিজয়ের চেতনা ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
উদ্বোধন শেষে ইউএনও শামীম আরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি মেলায় প্রদর্শিত বাহারি খাবার, পোশাক, কুটির শিল্প ও হস্তশিল্পের নানা পণ্য ঘুরে দেখেন এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, এ ধরনের মেলা স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়।
বিজয় মেলাকে ঘিরে প্রতিদিনই রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের মুগ্ধ করছে। মেলার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। মেলায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কালাই উপজেলায় আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
