উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়।
এর আগে, অ্যাম্বুলেন্সটি আজ বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা। ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুর যাবেন তার দুই ভাই।
শরিফ ওসমান হাদি জুলাই গণআন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
