ফরিদপুরে ঘুরতে গিয়ে প্রেমিকাকে (১৪) অচেতন করে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সজিব মোল্যা (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) ভোর রাতে ফরিদপুর জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে সজিব মোল্যাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সজিব মধুখালী পৌরসভার মেছোরদিয়া এলাকার শাহেদ মোল্যার ছেলে।জানা যায়, এক বছর আগে স্থানীয় দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ওই ছাত্রীর সঙ্গে পরিচয় হয় সজিব মোল্যার (২৪)। এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। সেই সুবাদে গত বুধবার (১৯ নভেম্বর) ফরিদপুর শহরে ঘুরতে যান তারা। একপর্যায়ে ওই ছাত্রী পানি পান করতে চায়। এ সময় পানির সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন সজিব।
পরে অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন ওই ছাত্রীর বাবা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।
